খুলনার দিঘলিয়ায় তুচ্ছ ঘটনার জেরে মো. মুরাদ খাঁ নামে এক যুবদল নেতাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পায়ের রগ কেটে হত্যা করা হয়েছে। নিহত মুরাদ খাঁ দিঘলিয়ার সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে দিঘলিয়া থানা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাজ্জাদসহ কয়েকজন মুরাদের ওপর হামলা চালায়। হামলার মুখে আত্মরক্ষার জন্য মুরাদ স্থানীয় বক্সিবাড়ি মসজিদ সংলগ্ন একটি দোকানে আশ্রয় নেন।
অভিযুক্তরা ওই দোকানের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে মুরাদের ওপর পুনরায় আক্রমণ চালায়। এ সময় তারা ধারালো অস্ত্র দিয়ে মুরাদের দুই পায়ের রগ কেটে দেয় এবং শরীরের বিভিন্ন স্থানে জখম করে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবির সিদ্দিকী শুভ্র ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তুচ্ছ বাগবিতণ্ডার জেরে এই হামলার ঘটনা ঘটেছে। জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান শুরু করেছে এবং এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।







