নাটোরের গুরুদাসপুরে হাটের ইজারা সংক্রান্ত বিরোধের জেরে প্রাণনাশের হুমকি ও চাঁদাবাজির অভিযোগে এক যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) উপজেলার নাজিরপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নেতার নাম মো. রাকিবুর রহমান রাজা (৩৫)।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে নাজিরপুর ইউনিয়নের চন্দপুর এলাকার বাসিন্দা মো. ওবায়দুর রহমান তপুকে গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেন রাজা। তপু চন্দপুর তুলাধুনা হাটের ইজারা পাওয়ায় তাকে হাটে যেতে বাধা দেওয়া হয় এবং সেখানে গেলে শারীরিক ক্ষতির হুমকি দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
স্থানীয়রা জানান, তুলাধুনা বাজার ইজারা নিতে তপু ও রাজা উভয়ই দরপত্রে অংশ নিয়েছিলেন। তপু সর্বোচ্চ দর দিয়ে ইজারা পাওয়ায় ক্ষুব্ধ হন রাজা। অভিযোগ উঠেছে, তিনি তপুর কাছে চাঁদা দাবি করেন। ইতোমধ্যে রাজার হুমকির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
তবে অভিযুক্ত রাকিবুর রহমান রাজা দাবি করেছেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি যে ৫ লাখ টাকা দাবি করেছেন তা চাঁদা নয়, বরং পাওনা টাকা। এদিকে এই ঘটনার পরপরই কঠোর ব্যবস্থা নিয়েছে জেলা যুবদল। সংগঠনের শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজাকে পদসহ সাধারণ সদস্য পদ থেকেও বহিষ্কার করা হয়েছে।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুজ্জামান সরকার জানান, ভুক্তভোগী তপুর দায়ের করা মামলার (মামলা নং ১৮) ভিত্তিতে প্রধান আসামি রাজাকে দ্রুত গ্রেপ্তার করা হয়েছে। শনিবার বিকেলেই আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।







