জাতীয় সংসদকে দেশের সকল রাজনৈতিক আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর ধানমন্ডিতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে বিগত শাসনের সমালোচনা করে বলেন, “অতীতে জাতীয় সংসদ কেবল নামমাত্র ছিল, কিন্তু ক্ষমতার মূল কেন্দ্রবিন্দু ছিল গণভবন। এখন সেই সংস্কৃতি থেকে বেরিয়ে আসার সময় হয়েছে।” তিনি আরও যোগ করেন যে, আগামীর লক্ষ্য হবে শহীদদের আকাঙ্ক্ষা অনুযায়ী একটি কার্যকর ও প্রাণবন্ত সংসদ গঠন করা।
সালাহউদ্দিন আহমদ উল্লেখ করেন যে, জাতীয় সংসদে বিভিন্ন ইস্যুতে রাজনৈতিক দলগুলোর মধ্যে তর্ক-বিতর্ক ও বহুমত থাকবে—এটিই গণতন্ত্রের সৌন্দর্য। তবে দেশের বৃহত্তর স্বার্থে সব পক্ষকে ঐকমত্যে থাকতে হবে। সকল জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যু এখন থেকে সংসদেই আলোচিত হবে বলে তিনি আশ্বস্ত করেন।
তরুণ রাজনৈতিক দল এনসিপি-এর প্রশংসা করে তিনি বলেন, প্রতিষ্ঠার প্রথম বছরেই নির্বাচনে অংশ নিয়ে জাতীয় সংসদে ছয়টি আসন পাওয়া দলটির জন্য একটি বড় সাফল্য। এই ধারাবাহিকতা বজায় থাকলে ভবিষ্যতে দলটি রাষ্ট্রক্ষমতায় যাওয়ার সক্ষমতা অর্জন করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রাজনীতির কঠিন বাস্তবতার কথা স্মরণ করিয়ে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “রাজনীতিতে সবকিছু রাতারাতি (ওভারনাইট) হয় না, সময় লাগে। রাজনীতির উত্থান-পতন যারা মেনে নিতে পারেনি, তারা ইতিহাসে টিকে থাকতে পারেনি।” এনসিপি-এর এই অগ্রযাত্রাকে তিনি ইতিবাচক হিসেবে অভিহিত করেন।







