দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় এর ইতিহাসে আরেকটি অধ্যায়ের অবসান ঘটতে যাচ্ছে আজ রবিবার (১ মার্চ)। বিশ্ববিদ্যালয়ের ৩০তম উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের শেষ কর্মদিবস আজ। দীর্ঘ দায়িত্বপালনের পর তিনি বিদায় নিচ্ছেন প্রিয় ক্যাম্পাস, সহকর্মী ও শিক্ষার্থীদের কাছ থেকে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, আজই নতুন উপাচার্যের কাছে দায়িত্ব হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন হতে পারে। একই দিনে বর্তমান উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে চিঠি দেওয়া হবে এবং তিনি দায়িত্ব গ্রহণ করবেন।
ড. নিয়াজ আহমদ খানের সময়কাল ছিল নানা চ্যালেঞ্জ, প্রত্যাশা ও বাস্তবতার সমন্বয়ে গড়া। শিক্ষাঙ্গনের নানা সংকট, শিক্ষার্থীদের আন্দোলন, প্রশাসনিক সিদ্ধান্ত সবকিছুর ভেতর দিয়েই তিনি দায়িত্ব পালন করেছেন। বিদায়ের প্রাক্কালে অনেক শিক্ষক-শিক্ষার্থী আবেগাপ্লুত হয়ে পড়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কৃতজ্ঞতা জানিয়েছেন, কেউ আবার সমালোচনার সুর তুলেছেন কিন্তু একথা অস্বীকার করার উপায় নেই, তাঁর সময়কাল বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি আলাদা অধ্যায় হয়ে থাকবে।
এদিকে ভারপ্রাপ্ত উপাচার্য হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন অধ্যাপক ড. মামুন আহমেদ। তিনি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া–র সাবেক উপদেষ্টা এবং জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। তাঁর নিয়োগকে ঘিরে ইতোমধ্যে ক্যাম্পাসে আলোচনা সমালোচনার ঝড় বইছে।
বিশ্ববিদ্যালয়ের অনেকেই বলছেন, একটি ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠানের সর্বোচ্চ প্রশাসনিক পদে দায়িত্ব গ্রহণের এই মুহূর্তটি অত্যন্ত সংবেদনশীল। নতুন নেতৃত্বের কাছে শিক্ষার্থীদের প্রত্যাশা শিক্ষার পরিবেশ, গবেষণা ও প্রশাসনিক স্বচ্ছতায় ইতিবাচক পরিবর্তন আসবে।
আজকের এই বিদায়ের দিনে ক্যাম্পাসজুড়ে এক ধরনের আবেগঘন পরিবেশ বিরাজ করছে। লাল-সবুজের এই প্রাঙ্গণে এক অধ্যায়ের সমাপ্তি, আরেক অধ্যায়ের সূচনা কিন্তু শিক্ষার্থীদের হৃদয়ে রয়ে যাবে প্রশ্ন, প্রত্যাশা আর সময়ের নির্মম বাস্তবতা।







