দুর্নীতির অভিযোগের অনুসন্ধান চলমান থাকায় ঢাকা–৪ আসনের সাবেক এমপি সানজিদা খানম ও শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা ও আইসিটি বিভাগের সাবেক সচিব নজরুল ইসলাম খানের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।
রোববার (১ মার্চ) ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ–এর আদালত দুদকের পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
দুদকের পক্ষে সংস্থাটির সহকারী পরিচালক মো. ইসমাইল হোসেন দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে পৃথক দুটি আবেদন করেন।
সানজিদা খানমের বিরুদ্ধে অভিযোগ
আবেদনে বলা হয়, সানজিদা খানমের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। অভিযোগটি অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য একজন অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, তিনি বিদেশে পালিয়ে যেতে পারেন। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁর বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন বলে আবেদনে উল্লেখ করা হয়।
নজরুল ইসলাম খানের বিরুদ্ধে অভিযোগ
অপর আবেদনে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের শিক্ষা ও আইসিটি বিভাগের সাবেক সচিব নজরুল ইসলাম খান, উদ্দীপন এনজিওর চেয়ারম্যান হিসেবে অযোগ্য ব্যক্তিদের নিয়োগ দিয়েছেন। তাঁর বিরুদ্ধে নিয়োগের মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ, বিদেশে অর্থ পাচার, ঘুষের বিনিময়ে বদলি বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ রয়েছে। অভিযোগগুলো অনুসন্ধান করে প্রতিবেদন দাখিলের জন্য অনুসন্ধানকারী কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে এবং তা বর্তমানে তদন্তাধীন।
দুদকের আবেদনে উল্লেখ করা হয়, নজরুল ইসলাম খান দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন—এমন তথ্য বিশ্বস্ত সূত্রে পাওয়া গেছে। ফলে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাঁর বিদেশ গমনে নিষেধাজ্ঞা আরোপ জরুরি।
আদালত দুদকের আবেদন মঞ্জুর করে দুই অভিযুক্তের দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন।







