মধ্যপ্রাচ্যে ইরানের সঙ্গে চলমান ভয়াবহ সংঘাতের মধ্যে প্রথমবারের মতো নিজেদের ৩ সেনার মৃত্যুর কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেছে মার্কিন বাহিনী। যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের সাম্প্রতিক হামলায় ৩ জন মার্কিন সৈন্য নিহত হয়েছেন এবং আরও ৫ জন গুরুতর আহত হয়েছেন।
সেন্টকমের দেওয়া তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে একযোগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এই সিরিজ হামলার ফলেই মার্কিন সেনাদের এই প্রাণহানির ঘটনা ঘটে। তবে নিহত ও আহত সেনাদের সুনির্দিষ্ট পরিচয় বা হামলার সঠিক স্থান নিরাপত্তার স্বার্থে এখনই প্রকাশ করা হয়নি।
বিবৃতিতে আরও জানানো হয়, এই হামলায় আরও কয়েকজন সৈন্য সামান্য আঘাত পেয়েছেন। আহতদের উন্নত চিকিৎসার জন্য দ্রুত ওই এলাকা থেকে সরিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। গুরুতর আহত ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে ধারণা করা হচ্ছে।
সেন্টকম স্পষ্ট করে বলেছে, “মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ অভিযান অব্যাহত রয়েছে এবং আমাদের প্রতিক্রিয়ামূলক পদক্ষেপগুলো এখনও চলমান।” মার্কিন বাহিনীর এই স্বীকারোক্তি এই অঞ্চলের যুদ্ধ পরিস্থিতিকে আরও জটিল করে তুলল। খামেনি হত্যার প্রতিশোধ হিসেবে ইরানের এই আক্রমণাত্মক অবস্থান ওয়াশিংটনকে নতুন করে ভাবিয়ে তুলছে।






