পিরোজপুর-২ আসনের শাহ্ আলম-কে রাজধানী ঢাকা-য় আটক করেছে রমনা থানা পুলিশ। তিনি বাংলাদেশ আওয়ামী লীগ-এর সাবেক সংসদ সদস্য এবং পিরোজপুর জেলা পরিষদের সাবেক প্রশাসক।
শনিবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকার ডিপ্লোমা ইনস্টিটিউটের সামনে থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তারকৃত শাহ আলমের ছেলে মো. সাগর জানান, তার বাবা ইফতার পার্টিতে অংশ নিতে সেখানে গেলে স্থানীয় লোকজন তাকে চিনতে পেরে বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে স্থানীয়রা রমনা থানায় খবর দেন।
তিনি আরও বলেন, পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং শাহ আলমকে সেখান থেকে আটক করে থানায় নিয়ে যায়। তার দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে তাকে আটক করা হয়েছে।
রমনা থানা সূত্র জানায়, বিক্ষুব্ধ জনতার তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে তাকে আটক করা হয়েছে।
উল্লেখ্য, শাহ আলম ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পিরোজপুর-২ আসন থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
