বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থা ডিজিএফআই-এর নবনিযুক্ত মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল কায়সার রশিদ চৌধুরী গত রবিবার (১ মার্চ) চিকিৎসার উদ্দেশ্যে ভারত সফরে গিয়েছেন। ইন্ডিগো এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (6E-1104) তিনি সস্ত্রীক দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। ভারতীয় সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিশ্লেষক ও সংবাদমাধ্যমগুলো এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসেবে দেখছে। কারণ, গত পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের সামরিক গোয়েন্দা সংস্থার কোনো মহাপরিচালকের এটিই প্রথম ভারত সফর। জানা গেছে, দিল্লিতে তিনি কয়েকদিন অবস্থান করতে পারেন এবং ব্যক্তিগত এই সফরের পাশাপাশি সেখানে কিছু অনানুষ্ঠানিক যোগাযোগ হতে পারে বলেও ধারণা করা হচ্ছে।
সম্প্রতি তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব গ্রহণের পর প্রতিরক্ষা ও গোয়েন্দা বিভাগে বড় ধরনের রদবদল আনা হয়। এর অংশ হিসেবেই মেজর জেনারেল জাহাঙ্গীর আলমকে সরিয়ে ব্রিগেডিয়ার কায়সার রশিদ চৌধুরীকে পদোন্নতি দিয়ে ডিজিএফআই-এর শীর্ষ পদে বসানো হয়। দায়িত্ব নেওয়ার মাত্র চার দিনের মাথায় তাঁর এই দিল্লি যাত্রা বিশেষ আলোচনার জন্ম দিয়েছে।
দীর্ঘদিন পর ডিজিএফআই-এর কোনো শীর্ষ কর্মকর্তার ভারত সফর দুই দেশের সামরিক ও গোয়েন্দা সহযোগিতার ক্ষেত্রে নতুন কোনো অধ্যায়ের ইঙ্গিত কি না, তা নিয়ে কূটনৈতিক মহলে কৌতুহল তৈরি হয়েছে। যদিও আনুষ্ঠানিকভাবে একে ব্যক্তিগত ও চিকিৎসার উদ্দেশ্যে সফর হিসেবেই বর্ণনা করা হয়েছে।







