বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির-এর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন, জুলাই সনদ ও গণভোট প্রশ্নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র অবস্থান জাতির সঙ্গে গাদ্দারির শামিল। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
পোস্টে সাদিক কায়েম উল্লেখ করেন, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ স্থগিত চেয়ে রিট করা হয়েছে। ওই রিটে জুলাই সনদ, গণভোট, জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, সংশ্লিষ্ট অধ্যাদেশ এবং সংবিধান সংস্কার কমিশনের শপথ গ্রহণকে চ্যালেঞ্জ করা হয়েছে। তার দাবি, এ রিটের পেছনে সরকারের স্পষ্ট পৃষ্ঠপোষকতা রয়েছে।
তিনি আরও বলেন, জুলাই, জুলাই সনদ, সংস্কার ও গণভোটের প্রশ্নে সরকারের এ অবস্থান জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতার সামিল। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, জুলাইয়ের শহীদদের রক্ত শুকানোর আগেই রাষ্ট্র সংস্কারের পথে যে হস্তক্ষেপ শুরু হয়েছে, তা বন্ধ করতে হবে। তার বক্তব্য অনুযায়ী, জুলাইয়ের ঘটনাপ্রবাহের ফলেই বর্তমান সরকার ক্ষমতায় এসেছে; তা না হলে নির্বাচন ও সরকারের বৈধতা নিয়েও প্রশ্ন উঠত।







