আন্তর্জাতিক শিশু যৌন নিপীড়ন চক্র পরিচালনার অভিযোগে জোবাইদুল আমিন (২৮) নামে এক বাংলাদেশিকে মালয়েশিয়া থেকে গ্রেপ্তার করে যুক্তরাষ্ট্রে নিয়ে গেছে মার্কিন কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই)। আজ শুক্রবার (৬ মার্চ) এক এক্স (সাবেক টুইটার) পোস্টে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করেছেন এফবিআই পরিচালক কাশ প্যাটেল।
এফবিআই পরিচালক জানান, ২০২২ সাল থেকে পলাতক থাকা জোবাইদুলকে মালয়েশিয়া সরকারের সহযোগিতায় গ্রেপ্তার করা হয়েছে। ৪ মার্চ তাকে কুয়ালালামপুর থেকে সরাসরি যুক্তরাষ্ট্রের আলাস্কায় নিয়ে আসা হয়। সেখানে তিনি তার বিরুদ্ধে আনা গুরুতর অভিযোগগুলোর বিচারিক প্রক্রিয়ার মুখোমুখি হবেন।
তদন্তকারীদের তথ্যমতে, জোবাইদুল মালয়েশিয়ায় চিকিৎসাশাস্ত্রে পড়াশোনা করতেন। কিন্তু পর্দার আড়ালে তিনি ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাটের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে একটি আন্তর্জাতিক শিশু যৌন নিপীড়ন চক্র চালাতেন। তিনি আলাস্কাসহ বিভিন্ন দেশের শত শত অপ্রাপ্তবয়স্ক শিশুকে ফাঁদে ফেলে তাদের যৌনতামূলক ছবি ও ভিডিও তৈরিতে বাধ্য করতেন বলে অভিযোগ রয়েছে।
২০২২ সালের জুলাইয়ে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল গ্র্যান্ড জুরি জোবাইদুলের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করে। একই বছরের সেপ্টেম্বরে মালয়েশিয়ার অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ও তার বিরুদ্ধে শিশু পর্নোগ্রাফি সংরক্ষণ ও তৈরির অভিযোগে মামলা দায়ের করে। দীর্ঘ আইনি প্রক্রিয়া ও দুই দেশের গোয়েন্দা সমন্বয়ের পর অবশেষে তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের মতে, জোবাইদুল যদি তার বিরুদ্ধে আনা এসব অভিযোগে দোষী সাব্যস্ত হন, তবে তার ন্যূনতম ২০ বছর থেকে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। এফবিআই পরিচালক এই সফল অভিযানে সহযোগিতার জন্য মালয়েশিয়া সরকার এবং স্থানীয় অংশীদারদের বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন।







