জয়পুরহাটের কালাই উপজেলায় এক ব্যবসায়ী ও তার সহকারীকে কুপিয়ে সাড়ে ৮ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় মাত্রাই ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য হারুনকে (৪৫) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শুক্রবার (৬ মার্চ) সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলার বিবরণ অনুযায়ী, গত মঙ্গলবার (৩ মার্চ) রাতে বিয়ালা গ্রামের আড়ত ব্যবসায়ী নাজিমুদ্দিন ও তার সহকারী আব্দুল আলিম বিভিন্ন বাজার থেকে পাওনা টাকা সংগ্রহ করে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ৮টার দিকে মাত্রাই-বিয়ালা সড়কের বকুল মোড় এলাকায় পৌঁছালে ওঁৎ পেতে থাকা একদল সন্ত্রাসী তাদের পথরোধ করে। হামলাকারীরা তাদের ওপর এলোপাতাড়ি মারধর চালিয়ে ৮ লাখ ৫১ হাজার টাকা ছিনিয়ে নেয়।
আহত নাজিমুদ্দিন ও তার সহকারী বর্তমানে জয়পুরহাট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় নাজিমুদ্দিনের বাবা নুর আলম বাদী হয়ে কালাই থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় গ্রেপ্তারকৃত হারুন ও তার ভাই মামুনুর রশিদসহ মোট ৬ জনকে আসামি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযুক্তরা সবাই স্থানীয় রাজনীতির সাথে জড়িত।
স্থানীয়দের দাবি, হারুন ও তার ভাই এলাকায় শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত। মামলার বাদী নুর আলম বলেন, “টাকা নিলেও আপত্তি ছিল না, কিন্তু আমার ছেলেকে যেভাবে অমানুষিকভাবে মারা হয়েছে আমি তার বিচার চাই।” ঘটনার সত্যতা নিশ্চিত করে কালাই থানার ওসি রফিকুল ইসলাম জানান, অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।







