রাজশাহীর শাহ মখদুম কলেজের রসায়ন বিভাগের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান জুয়েলকে চাঁদার দাবিতে শারীরিকভাবে লাঞ্ছনার অভিযোগে অভিযুক্ত ছাত্রদল নেতা শিহাব ও মুরাদের স্থায়ী বহিষ্কারের দাবিতে মানববন্ধন করেছেন কলেজের শিক্ষক ও কর্মচারীরা।
আজ কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ মানববন্ধনে শিক্ষক ও কর্মচারীরা মুখে কালো কাপড় বেঁধে প্রতিবাদ জানান। এ সময় তারা ঘটনার তীব্র নিন্দা জানান এবং দ্রুত অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার দাবি করেন।
মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা বলেন, একজন শিক্ষকের ওপর এমন ন্যাক্কারজনক হামলা ও লাঞ্ছনার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা অভিযুক্তদের স্থায়ী বহিষ্কারসহ আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
এ সময় কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও কর্মচারীরা মানববন্ধনে অংশ নিয়ে শিক্ষকদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।







