খুলনায় বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গুলিসহ সুরাইয়া পারভীন সুমি (৩৮) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৭ মার্চ) সকালে নগরীর খুলনা-সাতক্ষীরা মহাসড়কের নিজখামার এলাকায় একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে পাঁচটি বিদেশি পিস্তল ও ৯৬ রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়।
পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। সকাল সাড়ে ৯টার দিকে সাতক্ষীরা থেকে ঢাকাগামী ‘ইমাদ পরিবহনের’ একটি বাসে তল্লাশি চালানোর সময় সুরাইয়ার ব্যাগ থেকে দুটি বিদেশি রিভলভার, তিনটি পিস্তল (দুটি নাইন এমএম ও একটি টুটুবোর) এবং বিভিন্ন বোর-এর মোট ৯৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
গ্রেপ্তার সুরাইয়া পারভীন সুমি সাতক্ষীরা সদর উপজেলার চালতেতলার বাটকেখালি গ্রামের আব্দুল করিমের স্ত্রী। খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) উপ-কমিশনার মোহাম্মদ তাজুল ইসলাম জানান, এই বিপুল পরিমাণ অস্ত্র ও গুলি সাতক্ষীরা থেকে ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। গ্রেপ্তার সুমির বিরুদ্ধে এর আগেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, অস্ত্রগুলো সাতক্ষীরার কার কাছ থেকে নেওয়া হয়েছিল এবং ঢাকায় কাকে দেওয়ার কথা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। সুরাইয়াকে লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
