যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ব্যাপক সামরিক অভিযানের মুখেও ইরান অন্তত আরও ছয় মাস তীব্র যুদ্ধ চালিয়ে যাওয়ার সক্ষমতা রাখে বলে ঘোষণা দিয়েছে। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র আলি মোহাম্মদ নাইনি শনিবার (৭ মার্চ) এই সাহসি বার্তা প্রদান করেন।
আধা-সরকারি বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, মুখপাত্র নাইনি জোর দিয়ে জানিয়েছেন যে ইরান বর্তমান আকার ও মাত্রার যুদ্ধ আরও ‘অন্তত’ ছয় মাস চালিয়ে যেতে পুরোপুরি প্রস্তুত। তার এই বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মাঝে তেহরানের সামরিক দৃঢ়তার বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে।
নাইনির এই দাবি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মূল্যায়নের সম্পূর্ণ বিপরীত। ট্রাম্প গত কয়েকদিন ধরে দাবি করে আসছেন যে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযান ইরানের সামরিক সক্ষমতাকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে। ট্রাম্পের ভাষায়, “আমরা এ যুদ্ধে বড় ব্যবধানে জিতছি এবং তাদের পুরো শয়তানি সাম্রাজ্য গুঁড়িয়ে দিয়েছি।”
উল্লেখ্য যে, আইআরজিসি ইরানের সামরিক ও গোয়েন্দা কর্মকাণ্ডের প্রধান চালিকাশক্তি। বাহিনীটি কেবল যুদ্ধক্ষেত্রেই নয়, বরং ইরানের রাজনীতি, শিক্ষা ও অর্থনীতিতেও ব্যাপক প্রভাব বিস্তার করে থাকে। আইআরজিসি-র এই ঘোষণা ইঙ্গিত দিচ্ছে যে, মার্কিন চাপের মুখে তারা এখনই নতি স্বীকার করতে রাজি নয়।
