ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির দ্বিতীয় পুত্র মোজতবা খামেনি দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে স্থলাভিষিক্ত হয়েছেন। ইরানের বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) দীর্ঘ আলোচনার পর আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করেছে।
মোজতবা খামেনি ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মধ্যে অত্যন্ত জনপ্রিয় এবং প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। নতুন সর্বোচ্চ নেতা হিসেবে তার নাম ঘোষণা হওয়ার পর দেশটির নিয়মিত সেনাবাহিনীও (আরতেশ) তার প্রতি পূর্ণ আনুগত্য প্রকাশ করেছে।
ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের সচিব আলী লারিজানি এক বিবৃতিতে জানিয়েছেন, বর্তমান জরুরি ও প্রতিকূল পরিস্থিতির মধ্যেও কার্যকরভাবে রাষ্ট্র পরিচালনা করার পূর্ণ সক্ষমতা মোজতবা খামেনির রয়েছে। তিনি দেশের স্থিতিশীলতা রক্ষায় জনগণকে এবং রাষ্ট্রযন্ত্রের সকল বিভাগকে নতুন নেতৃত্বের অধীনে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।
লারিজানি আরও উল্লেখ করেন যে, ইসরায়েলি হামলাসহ নানা বাহ্যিক ও অভ্যন্তরীণ প্রতিকূলতা সত্ত্বেও বিশেষজ্ঞ পরিষদ অত্যন্ত দ্রুততার সাথে নতুন সর্বোচ্চ নেতা নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করতে সক্ষম হয়েছে। এটি দেশটির শাসনতান্ত্রিক কাঠামোর দৃঢ়তারই বহিঃপ্রকাশ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মোজতবা খামেনেয়ির এই নিযুক্তি ইরানের অভ্যন্তরীণ রাজনীতি এবং মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক সমীকরণে নতুন মাত্রা যোগ করতে পারে। বিশেষ করে আইআরজিসির সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক দেশটির প্রতিরক্ষা ও পররাষ্ট্র নীতিতে কঠোর অবস্থানের ইঙ্গিত দিচ্ছে।







