চট্টগ্রামে সীতাকুন্ডের জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে আজ সোমবার (৯ মার্চ) ভোর থেকে এক বিশাল সাঁড়াশি অভিযান শুরু করেছে যৌথ বাহিনী। সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবির প্রায় চার হাজার সদস্যের সমন্বয়ে গঠিত এই বাহিনী দুর্গম পাহাড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করছে।
অভিযান চলাকালে সন্ত্রাসীরা অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাধার সৃষ্টি করেছে। যৌথ বাহিনীর গতি রোধ করতে তারা রাস্তার ওপর বড় ট্রাক আড়াআড়িভাবে রেখে ব্যারিকেড তৈরি করে। এছাড়া রাতের আঁধারে একটি গুরুত্বপূর্ণ কালভার্ট ভেঙে ফেলে এবং নালার স্ল্যাব সরিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, অভিযানের খবর আগেই পেয়ে সন্ত্রাসীরা এসব পালানোর পথ সুগম করতে এই কৌশল নিয়েছে।
বাধা সত্ত্বেও যৌথ বাহিনী ইট-বালি দিয়ে বিকল্প পথ তৈরি করে এবং ট্রাক সরিয়ে অভিযান চালিয়ে যাচ্ছে। দুপুর পর্যন্ত পাওয়া তথ্যানুযায়ী, অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে এবং পাঁচটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। তবে আটককৃতদের মধ্যে আলোচিত কোনো শীর্ষ সন্ত্রাসী আছে কি না, তা এখনও নিশ্চিত করা হয়নি।
চট্টগ্রাম রেঞ্জ পুলিশের ডিআইজি আহসান হাবীব পলাশ জানিয়েছেন, জঙ্গল সলিমপুরে এখন থেকে রাষ্ট্রের পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হয়েছে। এলাকাটিকে সন্ত্রাসমুক্ত রাখতে সেখানে স্থায়ীভাবে পুলিশ ও র্যাবের দুটি ক্যাম্প স্থাপন করা হবে। এছাড়া ড্রোন ও হেলিকপ্টার ব্যবহার করে পুরো এলাকায় তল্লাশি চালানো হচ্ছে যাতে কোনো অপরাধী পালিয়ে যেতে না পারে।







