জাতিসংঘের সাবেক অস্ত্র পরিদর্শক স্কট রিটারের বরাত দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বাসভবনে হামলা এবং তার ভাইয়ের নিহতের সংবাদটি নিয়ে আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য তৈরি হয়েছে। স্কট রিটার দাবি করেছেন, ইরানের সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলায় নেতানিয়াহুর ছোট ভাই ইদ্দো নেতানিয়াহু প্রাণ হারিয়েছেন।
দাবি অনুযায়ী, এই হামলায় ইসরায়েলের কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন-গভিরও গুরুতর আহত হয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে ইসরায়েলি নেতাদের বাসভবন এলাকায় আগুনের কুণ্ডলী দেখা গেছে, যা এই দাবিকে আরও উসকে দিয়েছে।
তবে এই খবরের সত্যতা নিয়ে ব্যাপক বিতর্ক ও ধোঁয়াশা রয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অব ইসরায়েল’ এবং ‘হিন্দুস্তান টাইমস’-এর ফ্যাক্ট চেক প্রতিবেদনে এই দাবিকে ‘ভিত্তিহীন গুজব’ হিসেবে আখ্যায়িত করা হয়েছে। ইসরায়েলি কর্মকর্তাদের দাবি, বেন-গভিরের আহত হওয়া বা নেতানিয়াহুর পরিবারের কারো নিহতের কোনো দাপ্তরিক প্রমাণ নেই।
এর আগে গত সোমবার (৯ মার্চ) মধ্য ইসরায়েলে ইরানি ক্ষেপণাস্ত্র হামলায় এক ইসরায়েলি নাগরিকের মৃত্যুর খবর নিশ্চিত করেছিল দেশটির জরুরি সেবাসংস্থা এমডিএ। ধারণা করা হচ্ছে, যুদ্ধের এই উত্তপ্ত পরিস্থিতিতে মনস্তাত্ত্বিক লড়াইয়ের অংশ হিসেবে বিভিন্ন সূত্র থেকে এ ধরনের অসমর্থিত খবর ছড়িয়ে পড়ছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সাবেক সর্বোচ্চ নেতা নিহতের পর থেকে দুই দেশের মধ্যে সংঘাত চরম আকার ধারণ করেছে। বর্তমান পরিস্থিতিতে এ ধরনের স্পর্শকাতর সংবাদের সত্যতা নিশ্চিতে উভয় পক্ষের আনুষ্ঠানিক বিবৃতির অপেক্ষায় রয়েছে বিশ্ববাসী।
