জনগণ ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় এনেছে, তাই এই সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ মার্চ) সকাল ১০টা ৪০ মিনিটের দিকে রাজধানীর কড়াইল বস্তিসংলগ্ন টিঅ্যান্ডটি খেলার মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী তার বক্তব্যে দেশের সামগ্রিক উন্নয়নে নারীর ভূমিকার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দেশের মোট জনসংখ্যার অর্ধেকই নারী। এই বিশাল জনগোষ্ঠীর ক্ষমতায়ন, মানসম্মত শিক্ষা এবং অর্থনৈতিক সচ্ছলতা নিশ্চিত করতে না পারলে কোনোভাবেই জাতির এগিয়ে যাওয়া সম্ভব নয়।
নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যের কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, নারীদের ক্ষমতায়ন ও সরাসরি অর্থনৈতিক সচ্ছলতা নিশ্চিত করার উদ্দেশ্যেই আজ এই ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালু করা হয়েছে। এর মাধ্যমে প্রান্তিক ও দুস্থ পরিবারগুলো সরাসরি সরকারি সুবিধার আওতায় আসবে।
সরকারের ভবিষ্যৎ পরিকল্পনার কথা উল্লেখ করে তারেক রহমান আরও বলেন, বর্তমান সরকার দেশের প্রতিটি নারীপ্রধান পরিবারের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর। আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব নারীপ্রধান পরিবারে এই ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ফ্যামিলি কার্ড বিতরণের এই উদ্যোগটি তৃণমূল পর্যায়ে ব্যাপক সাড়া ফেলবে বলে আশা প্রকাশ করা হচ্ছে।
