আগামীকাল ১২ মার্চ শুরু হতে যাওয়া ত্রয়োদশ জাতীয় সংসদ-এর প্রথম অধিবেশনকে কেন্দ্র করে রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সংসদ ভবন ও আশপাশের এলাকায় বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সংসদের অধিবেশন চলাকালে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে বুধবার (১১ মার্চ) রাত ১২টা থেকে নির্দিষ্ট কিছু এলাকায় সব ধরনের সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা ও বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ থাকবে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, উল্লিখিত সময়ের মধ্যে এসব এলাকায় কোনো ধরনের অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য বা অন্যান্য ক্ষতিকর ও দূষণীয় বস্তু বহন করাও সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে।
নিষেধাজ্ঞার আওতাভুক্ত এলাকাগুলো হলো—
ময়মনসিংহ রোডের মহাখালী ক্রসিং থেকে পুরাতন বিমানবন্দর হয়ে বাংলামোটর ক্রসিং পর্যন্ত;
বাংলামোটর লিংক রোডের পশ্চিম প্রান্ত থেকে হোটেল সোনারগাঁও রোডের সার্ক ফোয়ারা পর্যন্ত;
পান্থপথের পূর্ব প্রান্ত থেকে গ্রীন রোডের সংযোগস্থল হয়ে ফার্মগেট পর্যন্ত;
মিরপুর রোডের শ্যামলী মোড় থেকে ধানমন্ডি-১৬ (পুরাতন-২৭) নম্বর সড়কের সংযোগস্থল;
রোকেয়া সরণির সংযোগস্থল থেকে পুরাতন ৯ম ডিভিশন (উড়োজাহাজ) ক্রসিং হয়ে বিজয় সরণির পর্যটন ক্রসিং;
ইন্দিরা রোডের পূর্ব প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্ত এবং সংসদ ভবনের সংরক্ষিত এলাকা ও এর ভেতরের সব সড়ক ও গলিপথ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শেষ না হওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। সংশ্লিষ্ট এলাকাবাসীসহ সবাইকে আইনশৃঙ্খলা রক্ষার্থে নির্দেশনাগুলো মেনে চলার জন্য অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।







