ওমানের সোহার প্রদেশে একটি ড্রোন ভূপাতিত করার পর এর ধ্বংসাবশেষের আঘাতে দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (১৩ মার্চ) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ওমানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাতে এই তথ্য নিশ্চিত করেছে।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, সোহার প্রদেশের আল-আওহি শিল্প এলাকায় একটি ড্রোন ভূপাতিত করা হয়। ড্রোনটির ধ্বংসাবশেষ নিচে থাকা শ্রমিকদের ওপর পড়লে ঘটনাস্থলেই দুইজন প্রবাসী শ্রমিকের মৃত্যু হয়। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানা গেছে।
ওমান কর্তৃপক্ষ জানিয়েছে, ওই একই এলাকায় আরও একটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে দ্বিতীয় ড্রোনটির ধ্বংসাবশেষ থেকে নতুন কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এই ড্রোনগুলো কোথা থেকে এসেছে বা কারা এটি উৎক্ষেপণ করেছে, সে বিষয়ে ওমান সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি। বর্তমানে ওই শিল্প এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনার তদন্ত শুরু করেছে।
সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যের আকাশসীমায় ড্রোনের আনাগোনা এবং পাল্টাপাল্টি হামলার ঘটনায় ওমানের মতো শান্তিপূর্ণ দেশে এমন প্রাণহানি আঞ্চলিক উত্তেজনাকে নতুন করে উসকে দিচ্ছে।
