রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী মির্জা আব্বাসের মস্তিষ্কে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এই জরুরি অস্ত্রোপচার করা হয়।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সকালে মির্জা আব্বাসের সিটিস্ক্যান করা হয়েছিল। সেই রিপোর্টে শারীরিক অবস্থার অবনতি লক্ষ্য করা গেলে বিশেষজ্ঞ চিকিৎসকরা দ্রুত একটি ভার্চুয়াল মেডিকেল বোর্ড গঠন করেন এবং সব দিক পর্যালোচনা করে অস্ত্রোপচারের চূড়ান্ত সিদ্ধান্ত নেন।
অস্ত্রোপচারের পূর্বে মির্জা আব্বাসের পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে তাদের লিখিত সম্মতি গ্রহণ করা হয়। দেশের প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে এই মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে, যারা বর্তমানে তার নিবিড় পর্যবেক্ষণ করছেন।
এই বিশেষ মেডিকেল বোর্ডে অধ্যাপক আলী উজ্জামান জোয়ার্দার, অধ্যাপক কাজী দ্বীন মোহাম্মদ, অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারসহ দেশের প্রখ্যাত নিউরো সার্জন ও চিকিৎসকরা রয়েছেন। ডা. রফিক জানান, মেডিকেল বোর্ডের সদস্যরা তার শারীরিক পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখছেন।
মির্জা আব্বাসের এই জটিল অস্ত্রোপচারের পর তার দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনায় পরিবারের পক্ষ থেকে দেশবাসীর কাছে বিশেষ দোয়া চাওয়া হয়েছে। উল্লেখ্য, গত বুধবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয় এবং আজ সকালেই তাকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছিল।
