ভারতের বিহারের মধেপুরা জেলায় বিয়ের গয়না চাইতে গিয়ে স্বর্ণ ব্যবসায়ীর অ্যাসিড হামলার শিকার হয়েছেন এক মুসলিম মা ও তার মেয়ে। দীর্ঘ দুই বছর আগে গয়নার জন্য অগ্রিম টাকা দেওয়ার পরও তা বুঝিয়ে না দেওয়ায় এই নৃশংস ঘটনাটি ঘটেছে।
ভুক্তভোগী জুলেখা খাতুন (৫৫) তার বড় মেয়ের বিয়ের জন্য স্থানীয় ‘সন্ধ্যা জুয়েলার্স’-এর মালিক বিনোদ স্বর্ণকারকে মোট ২৫ হাজার টাকা অগ্রিম দিয়েছিলেন। আগামী ২৪ মার্চ বিয়ের তারিখ নির্ধারিত থাকায় বুধবার ও বৃহস্পতিবার ছোট মেয়ে আসমা পারভিনকে (২২) নিয়ে দোকানে যান তিনি।
দোকানে গিয়ে পাওনা গয়না অথবা টাকা ফেরত চাইলে অভিযুক্ত ব্যবসায়ী বিনোদ তাদের আরও ছয় মাস পর আসতে বলেন। এই নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে বিনোদ কাউন্টারে থাকা অ্যাসিডের বোতল বের করে সরাসরি মা ও মেয়ের মুখে ছুড়ে মারেন।
অ্যাসিডের আঘাতে গুরুতর দগ্ধ অবস্থায় দুজনকে দ্রুত মধেপুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, তাদের অবস্থা আশঙ্কাজনক। ঘটনার পরপরই দোকান বন্ধ করে পালিয়ে যান অভিযুক্ত ব্যবসায়ী বিনোদ স্বর্ণকার।
পুলিশ এই ঘটনায় একটি এফআইআর দায়ের করেছে এবং জড়িত থাকার অভিযোগে ব্যবসায়ীর স্ত্রীকে গ্রেপ্তার করেছে। তবে অভিযুক্ত বিনোদ দাবি করেছেন, ওই মহিলারা ডাকাতি করতে এসেছিলেন—যদিও পুলিশ ও ভুক্তভোগী পরিবার এই দাবিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে। পুলিশ বর্তমানে পলাতক বিনোদকে গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে।







