উত্তর কোরিয়া তাদের রাজধানী পিয়ংইয়ংয়ের নিকটবর্তী সুনান এলাকা থেকে জাপান সাগরের অভিমুখে অন্তত ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। শনিবার (১৪ মার্চ) সকালে চালানো এই গণ-উৎক্ষেপণের ঘটনায় ওই অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী এই তথ্য নিশ্চিত করেছে। তারা জানিয়েছে, ক্ষেপণাস্ত্রগুলো জাপান সাগরের নির্দিষ্ট লক্ষ্যবস্তুর দিকে উড়ে যায় এবং জাপানের একচেটিয়া অর্থনৈতিক অঞ্চলের (EEZ) বাইরে সাগরে পতিত হয়।
এখন পর্যন্ত এই ক্ষেপণাস্ত্র হামলার ফলে কোনো জাহাজ বা উড়োজাহাজের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে জাপানের প্রধানমন্ত্রী এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে ওই অঞ্চলের নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে অভিহিত করেছেন।
সামরিক বিশেষজ্ঞদের মতে, পিয়ংইয়ং সম্ভবত তাদের ক্ষেপণাস্ত্র প্রযুক্তির শক্তি প্রদর্শন এবং সম্ভাব্য শত্রুদের প্রতি সতর্কবার্তা দেওয়ার লক্ষ্যেই একসঙ্গে এতগুলো ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে। দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো এই ক্ষেপণাস্ত্রগুলোর গতিপথ ও ধরণ নিয়ে নিবিড় বিশ্লেষণ চালাচ্ছে।
এই ঘটনার পর ওই এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং মিত্র দেশগুলো উত্তর কোরিয়ার উসকানিমূলক কর্মকাণ্ড বন্ধে আলোচনার ওপর গুরুত্বারোপ করেছে।







