সংবিধান সংস্কার পরিষদ সংক্রান্ত আলোচনা ও চূড়ান্ত সিদ্ধান্ত জাতীয় সংসদেই নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
শনিবার (১৪ মার্চ) জাতীয় সংসদে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সংসদের প্রথম অধিবেশন কতদিন চলবে, কোন কোন বিষয়ে আলোচনা হবে, কী কী আইন উত্থাপন করা হবে এবং রাষ্ট্রপতির ভাষণের ওপর কত ঘণ্টা আলোচনা হবে—এসব বিষয় নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।
তিনি আরও জানান, অন্তর্বর্তী সরকারের সময়ে জারি করা ১৩৩টি অধ্যাদেশ বিশেষ কমিটিতে পাঠানো হবে। সংসদে বিভিন্ন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন না হওয়া পর্যন্ত প্রচলিত নিয়ম অনুযায়ী বিশেষ কমিটি গঠন করা হয়। এসব অধ্যাদেশ ও বিল ওই বিশেষ কমিটিতে পাঠিয়ে যাচাই-বাছাই করা হবে এবং পরে সেগুলো প্রতিবেদন আকারে সংসদে উপস্থাপন করা হবে।
এগুলো বর্তমান অধিবেশনেই সম্ভব কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এ অধিবেশনেই তা করা সম্ভব। তিনি জানান, রোববার (১৫ মার্চ) আইনমন্ত্রী এ বিষয়ে প্রস্তাব উত্থাপন করবেন। এরপর বিশেষ কমিটিতে আলোচনা ও পর্যালোচনা শেষে প্রতিবেদন আকারে তা সংসদে উপস্থাপন করা হবে—এটাই সংসদের প্রচলিত প্রক্রিয়া।







