ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে মার্কিন সামরিক বাহিনী বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়েছে। এবিসি (ABC) নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এক উচ্চপদস্থ মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, যুদ্ধে এ পর্যন্ত ১২টিরও বেশি অত্যাধুনিক এমকিউ-৯ (MQ-9) রিপার ড্রোন হারিয়েছে যুক্তরাষ্ট্র।
তবে ওই কর্মকর্তা ড্রোনের সঠিক সংখ্যা নির্দিষ্ট করে না বললেও এটি নিশ্চিত করেছেন যে, সংখ্যাটি বারোটির বেশি। মধ্যপ্রাচ্যের এই সংঘাতে আকাশপথে মার্কিন নজরদারি ও আক্রমণের অন্যতম প্রধান অস্ত্র ছিল এই ড্রোনগুলো, যা এখন ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার কবলে পড়েছে।
আর্থিক ক্ষতির হিসেবে এই হারানো ড্রোনগুলোর মূল্য আকাশচুম্বী। একেকটি এমকিউ-৯ রিপার ড্রোনের বর্তমান বাজারমূল্য প্রায় ৩২ মিলিয়ন মার্কিন ডলার। তবে বিভিন্ন আধুনিক প্রযুক্তি ও কনফিগারেশন ভেদে এর একেকটির দাম ৫৬ মিলিয়ন ডলার পর্যন্ত হতে পারে।
প্রযুক্তিগতভাবে অত্যন্ত উন্নত হওয়া সত্ত্বেও এত বিপুল সংখ্যক ড্রোন ভূপাতিত হওয়া মার্কিন সামরিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। বিশ্লেষকরা মনে করছেন, ইরানের রাডার ও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পশ্চিমা ড্রোন প্রযুক্তি মোকাবিলায় প্রত্যাশার চেয়েও বেশি কার্যকর প্রমাণিত হচ্ছে।
এই ড্রোনের ক্ষয়ক্ষতি কেবল আর্থিক নয়, বরং রণক্ষেত্রে মার্কিন গোয়েন্দা তথ্য সংগ্রহের সক্ষমতাকেও চ্যালেঞ্জের মুখে ফেলেছে। ওয়াশিংটন এখন তাদের পরবর্তী আকাশ প্রতিরক্ষা কৌশল পুনর্মূল্যায়ন করতে বাধ্য হতে পারে বলে ধারণা করা হচ্ছে।







