ঈদযাত্রায় বড় ধরনের অব্যবস্থাপনার অভিযোগ তুলে সরকারের সমালোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। একই সঙ্গে তিনি প্রশ্ন তুলেছেন, বাংলাদেশ কি আবারও ফ্যাসিবাদের দিকে এগোচ্ছে।
শুক্রবার সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ঈদ উপলক্ষে ঘরে ফেরা সাধারণ মানুষের ওপর চরম ভোগান্তি নেমে এসেছে। প্রিয়জনদের সঙ্গে ঈদ উদ্যাপনের আশায় থাকা মানুষজন এ বছর চরম দুর্ভোগের শিকার হয়েছেন।
তিনি দাবি করেন, দেশের ইতিহাসে অন্যতম জঘন্য অব্যবস্থাপনা এবার ঈদযাত্রায় দেখা গেছে এবং এর দায় সরকারকেই নিতে হবে। তার মতে, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রীর পূর্ববর্তী বক্তব্যই এ পরিস্থিতির ভিত্তি তৈরি করেছে।
পোস্টে তিনি আরও অভিযোগ করেন, জনগণকে বিভ্রান্ত করে বলা হয়েছে যে ঈদযাত্রায় বাসভাড়া কম নেওয়া হচ্ছে, যা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়।
সাধারণ মানুষের কষ্টের বিষয়টি তুলে ধরে তিনি প্রশ্ন রাখেন, এই পরিস্থিতির দায় কে নেবে। পাশাপাশি সতর্ক করে বলেন, কেউ ফ্যাসিবাদ প্রতিষ্ঠার চেষ্টা করলে সচেতন জনগণ ও যুবসমাজ তা মেনে নেবে না।
শেষে তিনি সংশ্লিষ্টদের উদ্দেশে বলেন, সময় থাকতে সতর্ক হওয়া প্রয়োজন, নচেৎ এ পরিস্থিতির দায় শেষ পর্যন্ত সংশ্লিষ্টদেরই বহন করতে হবে।







