কিশোরগঞ্জের অষ্টগ্রামে মালয়েশিয়ায় টাকা লেনদেনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ মার্চ) বিকেলে উপজেলার খয়েরপুর-আব্দুল্লাহপুর ইউনিয়নের খয়েরপুর গ্রামে এই ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছেন অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েব খান।
ঘটনার সূত্রপাত হয় প্রায় দেড় বছর আগে, যখন খয়েরপুর এলাকার মাস্টারবাড়ির বাবুল মিয়া একই এলাকার মুন্সিবাড়ির আজিজুল ইসলামকে ভালো কাজের প্রলোভন দেখিয়ে মালয়েশিয়ায় নিয়ে যান। অভিযোগ রয়েছে, সেখানে আকামার জন্য টাকা নিলেও আজিজুলকে কোনো কাজের ব্যবস্থা করে দেননি বাবুল। শেষ পর্যন্ত মালয়েশিয়ায় টিকতে না পেরে আজিজুল দেশে ফিরে আসেন এবং বাবুলের কাছে পাওনা টাকা দাবি করেন।
সম্প্রতি বাবুল মিয়াও দেশে ফিরলে আজিজুল স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের কাছে বিষয়টি নিয়ে বিচার দেন। শুক্রবার বিকেলে স্থানীয় কদমচাল বাজারে তাদের দেখা হলে বিচার দেওয়ার বিষয় নিয়ে দুজনের মধ্যে তীব্র বাগবিতণ্ডা শুরু হয়। এই খবর ছড়িয়ে পড়লে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-শস্ত্র যেমন টেঁটা, বল্লম ও দা নিয়ে রণক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ে।
সংঘর্ষের সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং পাল্টাপাল্টি ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপে উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হন। আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন ফার্মেসিতে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সংঘর্ষের পর ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করলেও বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি সোয়েব খান জানান, দীর্ঘদিনের অর্থনৈতিক বিরোধের জের ধরেই এই রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। তবে অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।







