কুড়িগ্রামের প্রধান চিকিৎসাসেবা কেন্দ্র ‘কুড়িগ্রাম ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল’-এ চরম অব্যবস্থাপনা, চিকিৎসকদের অনুপস্থিতি ও দালাল চক্রের দৌরাত্ম্যে সাধারণ রোগীরা দিশেহারা হয়ে পড়েছেন। রোববার (২২ মার্চ) হাসপাতালটি আকস্মিক পরিদর্শনে গিয়ে এসব অনিয়ম দেখে তীব্র ক্ষোভ প্রকাশ করেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিকুর রহমান মুজাহিদ।
পরিদর্শনকালে সংসদ সদস্য দেখতে পান, হাসপাতালের জরুরি বিভাগে কোনো চিকিৎসক উপস্থিত নেই। ফলে দূর-দূরান্ত থেকে আসা গুরুতর অসুস্থ রোগীরা চিকিৎসা না পেয়ে দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছেন। এছাড়া হাসপাতালজুড়ে সক্রিয় একটি দালাল চক্র রোগীদের বিভ্রান্ত করে বাইরের বেসরকারি ক্লিনিকে নিয়ে যাচ্ছে বলে গুরুতর অভিযোগ উঠেছে।
হাসপাতালের অভ্যন্তরীণ পরিবেশেও চরম অব্যবস্থাপনার চিত্র ফুটে উঠেছে। পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাব, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট এবং সেবার নিম্নমান পরিস্থিতিকে আরও নাজুক করে তুলেছে। সাধারণ রোগীরা জানান, সরকারি হাসপাতালে এসে দালালের খপ্পরে পড়ে তারা আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।
চিকিৎসা নিতে আসা আমিনুল ইসলাম (৫০), নজির হোসেন (৬০) ও আব্দুল জলিলসহ (৫৫) অনেকে অভিযোগ করেন, হাসপাতালের এই দীর্ঘদিনের অনিয়ম দূর করা এখন সময়ের দাবি। তারা সাধারণ মানুষের জন্য মানসম্মত ও নিশ্চিত চিকিৎসাসেবা প্রদানের দাবি জানান।
এ বিষয়ে ড. আতিকুর রহমান মুজাহিদ বলেন, জনগণের ট্যাক্সের টাকায় পরিচালিত একটি সরকারি হাসপাতালে এমন অব্যবস্থাপনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। চিকিৎসকদের দায়িত্বহীনতা এবং দালালদের দৌরাত্ম্যের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি দ্রুত সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন এবং হাসপাতালের সেবার মানোন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
