বরিশালের মেহেন্দিগঞ্জে এক সালিশ বৈঠক চলাকালীন বিএনপি নেতার হামলায় খোরশেদ সিকদার (৫৫) নামে এক ট্যানারি শ্রমিক নিহত হয়েছেন। রোববার (২২ মার্চ) বিকেল ৪টার দিকে মেহেন্দিগঞ্জ পৌরসভার দক্ষিণ চরহোগলা এলাকায় এই ঘটনা ঘটে। নিহত খোরশেদ ঢাকার হাজারীবাগ ট্যানারিতে কাজ করতেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানিয়েছেন, প্রায় ২০ বছর আগে ভবনের সেন্টারিং মালামাল বাবদ খোরশেদের কাছে ২ লাখ ৫২ হাজার টাকা পাওনা দাবি করে থানায় অভিযোগ দিয়েছিলেন মেহেন্দিগঞ্জ পৌরসভা ওর্য়াড বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাওলাদার। এই অভিযোগের ভিত্তিতে রোববার বিকেলে পুলিশের উপস্থিতিতে দুই পক্ষ সালিশ বৈঠকে বসে।
বৈঠক চলাকালীন খোরশেদ সিকদারের পক্ষ থেকে আলোচনার ভিডিও ধারণ করাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে জাহাঙ্গীর হাওলাদারের নেতৃত্বে হামলা চালানো হলে সংঘর্ষ বেধে যায়। হামলায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই খোরশেদ সিকদারের মৃত্যু হয়। নিহতের স্বজনদের দাবি, পুলিশের সামনেই এই বর্বরোচিত হামলা চালানো হয়েছে।
ঘটনার পর অভিযুক্ত জাহাঙ্গীর হাওলাদার এলাকা ছেড়ে পালিয়ে যাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে মেহেন্দিগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব রিয়াজ উদ্দিন চৌধুরী (দিনু মিয়া) জানিয়েছেন, মারামারির খবর পাওয়ার পরপরই জাহাঙ্গীর হাওলাদারকে দল থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, দল কোনো প্রকার অন্যায়কে প্রশ্রয় দেবে না।
মেহেন্দিগঞ্জ থানার পরিদর্শক মো. মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করছে। ঘটনার সাথে জড়িত এবং অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। নিহতের পরিবার এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছে।







