শিশুদের শিক্ষায় নিরাপদ প্রযুক্তি এবং তাদের সুস্থ বিকাশে বৈশ্বিক সহযোগিতা বাড়াতে গঠিত জোট ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার’-এ যোগ দিতে যুক্তরাষ্ট্রে গিয়েছেন ডা. জুবাইদা রহমান। রোববার (২২ মার্চ) তিনি ঢাকা থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হন বলে বিমানবন্দর সূত্র নিশ্চিত করেছে।
যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে আয়োজিত এই বিশেষ জোটে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের জীবনসঙ্গীরা অংশ নিচ্ছেন। ডা. জুবাইদা রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী হিসেবে এই আন্তর্জাতিক সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন।
এই সম্মেলনে মূলত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সহ বিভিন্ন অত্যাধুনিক ও উদ্ভাবনী প্রযুক্তি কীভাবে শিক্ষার প্রসারে ভূমিকা রাখতে পারে, তা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। শিশুদের অনলাইন ঝুঁকি থেকে সুরক্ষা নিশ্চিত করা এবং শিক্ষক ও অভিভাবকদের প্রযুক্তিবান্ধব প্রশিক্ষণের মাধ্যমে উন্নত শিক্ষার পরিবেশ গড়ার বিষয়েও এতে বিশেষ গুরুত্ব দেওয়া হবে।
হোয়াইট হাউসের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বের শীর্ষস্থানীয় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এই জোটে অংশগ্রহণকারী দেশগুলোকে স্বল্পমূল্যে বা বিনামূল্যে বিভিন্ন শিক্ষামূলক প্রযুক্তি ব্যবহারের সুযোগ দিতে সম্মত হয়েছে। এটি উন্নয়নশীল দেশগুলোর জন্য ডিজিটাল শিক্ষার প্রসারে একটি বড় সুযোগ হিসেবে দেখা হচ্ছে।
সম্মেলনে অংশ নেওয়া প্রতিনিধিরা নিজ নিজ দেশের প্রেক্ষাপট ও প্রয়োজন অনুযায়ী উপযোগী প্রযুক্তি নির্বাচন করবেন। পরবর্তীতে দেশে ফিরে তারা নিজ নিজ সরকারের সঙ্গে সমন্বয় করে এসব প্রযুক্তি বাস্তবায়নে কাজ করবেন বলে আশা করা হচ্ছে। সম্মেলন শেষ করে ডা. জুবাইদা রহমানের দেশে ফেরার কথা রয়েছে।
