ইরানের শীর্ষস্থানীয় কর্মকর্তা এবং খামেনির সামরিক উপদেষ্টা মহসেন রেজায়ি যুদ্ধ বন্ধের বিষয়ে অত্যন্ত কঠোর শর্তারোপ করেছেন। সোমবার (২৩ মার্চ) এক বক্তব্যে তিনি স্পষ্ট জানিয়েছেন যে, তেহরানের সুনির্দিষ্ট তিনটি শর্ত পূরণ না হওয়া পর্যন্ত এই লড়াই থামবে না।
মহসেন রেজায়ি বলেন, এই যুদ্ধ ততক্ষণ পর্যন্ত চলবে যতক্ষণ না যুদ্ধের ফলে ইরানের হওয়া সমস্ত ক্ষয়ক্ষতির পূর্ণ ক্ষতিপূরণ দেওয়া হয়, দেশটির ওপর আরোপিত সব অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয় এবং ভবিষ্যতে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে যুক্তরাষ্ট্র আর কোনো হস্তক্ষেপ করবে না—এমন আন্তর্জাতিক গ্যারান্টি পাওয়া যায়।
শত্রুপক্ষকে চরম হুঁশিয়ারি দিয়ে রেজায়ি বলেন, “যদি আপনারা আমাদের অবকাঠামোতে আঘাত হানেন, তবে সেটি আর ‘চোখের বদলে চোখ’ নীতিতে সীমাবদ্ধ থাকবে না—বরং তা হবে ‘চোখের বদলে মাথা’। আপনাদের পঙ্গু করে দেওয়া হবে।” তিনি পরিষ্কার করে দেন যে, ইরান এখন আর কেবল আত্মরক্ষামূলক অবস্থানে নেই, বরং শত্রুর যেকোনো হঠকারিতার ভয়াবহ জবাব দিতে প্রস্তুত।
সাবেক এই আইআরজিসি প্রধান আরও উল্লেখ করেন, এটি কেবল কোনো একক ব্যক্তির সিদ্ধান্ত নয়; বরং এটি ইরানের জাতি, তাদের নেতা এবং সশস্ত্র বাহিনীর সম্মিলিত অবস্থান। তিনি বর্তমান পরিস্থিতিকে দীর্ঘদিনের পুঞ্জীভূত সমস্যার চূড়ান্ত নিষ্পত্তি করার একটি সুযোগ হিসেবে অভিহিত করেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন আলোচনার মাধ্যমে একটি চুক্তিতে পৌঁছানোর পথ খুঁজছেন, ঠিক তখনই ইরানের পক্ষ থেকে আসা এমন আপসহীন এবং আক্রমণাত্মক বার্তা মধ্যপ্রাচ্যের চলমান সংকটকে এক নতুন ও জটিল মোড়ে নিয়ে দাঁড় করিয়েছে।







