কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে ভয়াবহ ট্রেন-বাস সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি গেইটম্যান হেলাল উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার (২৫ মার্চ) দুপুরে চট্টগ্রাম অঞ্চলের রেলওয়ে পুলিশ সুপার তহুরা জান্নাত বিষয়টি নিশ্চিত করেছেন।
মঙ্গলবার (২৪ মার্চ) রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার শংকুচাইল এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। মামলার অন্য আসামি মেহেদী হাসানকে গ্রেফতারে বর্তমানে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে গত শনিবার দিবাগত রাত ৩টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পদুয়ার বাজার রেলক্রসিংয়ে একটি মেইল ট্রেনের সঙ্গে ‘মামুন স্পেশাল’ নামক যাত্রীবাহী বাসের সংঘর্ষ ঘটে। এই মর্মান্তিক দুর্ঘটনায় এখন পর্যন্ত মোট ১২ জন প্রাণ হারিয়েছেন।
দুর্ঘটনায় নিহত সোহাগ রানার খালা শেফালী আক্তার বাদী হয়ে সোমবার লাকসাম রেলওয়ে থানায় মামলাটি দায়ের করেন। শেফালী আক্তার নিজেও ওই বাসের যাত্রী ছিলেন এবং ভাগ্যক্রমে বেঁচে যান। মামলার আসামিদের বিরুদ্ধে ৩০৪ ‘ক’ ধারায় দায়িত্বে অবহেলার কারণে মৃত্যুর অভিযোগ আনা হয়েছে।
বাদী শেফালী আক্তার জানান, তার ভাগ্নে মালয়েশিয়া প্রবাসী সোহেল রানা ঈদ পালন করতে চুয়াডাঙ্গা থেকে লাকসামে আসছিলেন। লেভেলক্রসিং পার হওয়ার সময় এই দুর্ঘটনায় তিনি প্রাণ হারান। বর্তমানে সোহেল রানার স্ত্রী ও ছোট মেয়ে আশঙ্কাজনক অবস্থায় ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।







