নেপালের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)-এর নেতা বালেন্দ্র শাহ (বালেন)। শুক্রবার রাজধানীর রাষ্ট্রপতি ভবন ‘শীতল নিবাস’-এ আয়োজিত অনুষ্ঠানে দেশটির প্রেসিডেন্ট রামচন্দ্র পৌডেল তাকে পদ ও গোপনীয়তার শপথ পাঠ করান।
পেশায় স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং এক সময়ের জনপ্রিয় র্যাপার বালেন্দ্র শাহ নেপালের ৪৭তম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
গত ৫ মার্চ অনুষ্ঠিত সাধারণ নির্বাচনে ঝাপা-৫ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি সিপিএন-ইউএমএল-এর চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে বিপুল ভোটে পরাজিত করেন। আসনটি দীর্ঘদিন ধরে ওলির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ছিল।
গত বছরের সেপ্টেম্বরে দুর্নীতিবিরোধী ‘জেন জি’ আন্দোলনে ৭৬ জন নিহত হওয়ার পর দেশটিতে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে বালেন্দ্র শাহের দল আরএসপি ২৭৫ আসনের সংসদে ১৮২টি আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে, ফলে তার প্রধানমন্ত্রী হওয়ার পথ সুগম হয়।
৩৫ বছর বয়সী বালেন্দ্র শাহ এর আগে কাঠমান্ডুর মেয়র হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি কয়েক দশকের মধ্যে নেপালের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী এবং প্রথম মধেসি নেতা হিসেবে এই পদে অধিষ্ঠিত হলেন।
ভারত ও চীনের মধ্যবর্তী অবস্থানে থাকা নেপালের রাজনৈতিক অঙ্গনে তার উত্থানকে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। সূত্র: রয়টার্স।






