দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সঙ্গে এক ভয়াবহ সংঘর্ষে ইসরায়েলি বাহিনীর অন্তত ৪ সেনা নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মার্চ) ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। একই ঘটনায় আরও ২ সেনা গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে।
সেনাবাহিনী জানিয়েছে, দক্ষিণ লেবাননের একটি নির্দিষ্ট এলাকায় সম্মুখ যুদ্ধের সময় এই হতাহতের ঘটনা ঘটে। একটি মাত্র লড়াইয়েই ওই চার সেনাকে প্রাণ হারাতে হয়েছে। আহতদের উদ্ধার করে দ্রুত হেলিকপ্টার যোগে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে, যাদের অবস্থা বর্তমানে আশঙ্কাজনক।
হিজবুল্লাহর পক্ষ থেকে জানানো হয়েছে, তারা ইসরায়েলি বাহিনীর অগ্রযাত্রা ঠেকাতে গেরিলা হামলা ও দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। দক্ষিণ লেবাননের পাহাড়ি অঞ্চলে দুই পক্ষের মধ্যে এই লড়াই এখন তীব্র আকার ধারণ করেছে। ইসরায়েলি সেনারা সেখানে ব্যাপক প্রতিরোধের সম্মুখীন হচ্ছে বলে সমর বিশ্লেষকরা ধারণা করছেন।
গত কয়েক দিনে লেবানন সীমান্তে ইসরায়েলি বাহিনীর ওপর হামলার মাত্রা বহুগুণ বেড়েছে। হিজবুল্লাহর এই শক্তিশালী পাল্টা আঘাতের ফলে ইসরায়েলি সামরিক কৌশল নতুন করে সাজানোর দাবি উঠেছে দেশটির অভ্যন্তরে। নিহতের পরিবারের সদস্যদের কাছে শোক সংবাদ পৌঁছে দেওয়া হয়েছে বলে জানিয়েছে তেল আবিব।
