গণভোট ও ‘জুলাই সনদ’ ইস্যুতে জাতীয় সংসদে ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।
তিনি বলেন, সংসদ সদস্য পার্থ তার বক্তব্যে বেশ কিছু ‘ফায়ার’ করলেও শেষ পর্যন্ত তা ‘ব্যাকফায়ার’ হয়েছে।
মঙ্গলবার (৩১ মার্চ) জাতীয় সংসদে জুলাই সনদ ও সংবিধান সংস্কার বিষয়ে আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
এর আগে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বিরোধী দলকে প্রশ্ন ছুঁড়ে দিয়ে বলেন, ৫ আগস্টের পর তারা কেন অন্তর্বর্তী সরকারের পরিবর্তে একটি বিপ্লবী সরকার গঠন করেননি। তিনি আরও বলেন, নতুন সংবিধান প্রণয়ন করা যেত, কিন্তু পুরোনো সংবিধানের ভেতরে থেকে সেটিকে বাতিল করার চেষ্টা যৌক্তিক নয়।
পার্থের বক্তব্যে তিনি দাবি করেন, স্বাধীনতাবিরোধী শক্তি বাহাত্তরের সংবিধান বাতিল করতে চায়।
এ বক্তব্যের জবাবে কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেন, যারা সংবিধান বাতিলের পক্ষে, তাদের স্বাধীনতাবিরোধীদের সঙ্গে এক কাতারে দাঁড় করানোর সময় সরকারি দলের মন্ত্রীরা টেবিল চাপড়ে সমর্থন জানিয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, ট্রেজারি বেঞ্চে থাকা মন্ত্রীরা, যারা দীর্ঘদিন বেগম খালেদা জিয়ার সঙ্গে রাজনীতি করেছেন, এভাবে সংবিধান বাতিলের বিষয়কে স্বাধীনতাবিরোধীদের সঙ্গে যুক্ত করে হাততালি দিয়ে বেগম জিয়াকে অপমান করেছেন কি না—তা তাদের বিবেচনা করা উচিত।
