অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও ড. মুহাম্মদ ইউনূসের বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন, স্বাধীন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্রগঠনের সংগ্রামে জুলাই গণ-অভ্যুত্থানের কোনো বিকল্প নেই।
বৃহস্পতিবার রাত ১১টায় নিজের ফেসবুক পোস্টে তিনি এ মন্তব্য করেন। সেখানে তিনি উল্লেখ করেন, জুলাই গণ-অভ্যুত্থানকে যেমন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করা সঠিক নয়, তেমনি এটিকে দেশের অন্য কোনো গণআন্দোলন বা অভ্যুত্থানের সঙ্গেও তুলনা করা উচিত নয়।
তার ভাষ্য অনুযায়ী, মহান মুক্তিযুদ্ধের ধারাবাহিকতায় রাষ্ট্রব্যবস্থায় মৌলিক পরিবর্তন আনার লক্ষ্যে জুলাই গণ-অভ্যুত্থান ছিল একটি গুরুত্বপূর্ণ প্রচেষ্টা। এটি ব্যর্থ হয়েছে—এমন সিদ্ধান্তে পৌঁছানোর সময় এখনো আসেনি বলেও তিনি মন্তব্য করেন।
তিনি আরও বলেন, এই অভ্যুত্থানের মূল দাবি ছিল রাষ্ট্র সংস্কার, ফ্যাসিবাদী কাঠামোর অবসান এবং একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা। এ ধরনের বিস্তৃত রাষ্ট্রকাঠামোগত চিন্তা ও ফ্যাসিবাদবিরোধী দর্শন অতীতের কোনো আন্দোলনে এভাবে প্রতিফলিত হয়নি।
মাহফুজ আলম উল্লেখ করেন, যদিও জুলাই গণ-অভ্যুত্থান বিভিন্ন গণতান্ত্রিক ও সাংস্কৃতিক আন্দোলন থেকে অনুপ্রেরণা নিয়েছে, তবুও এর ব্যাপ্তি ও লক্ষ্য ছিল অনন্য।
তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ ছিল দীর্ঘ উপনিবেশবিরোধী সংগ্রামের চূড়ান্ত রূপ। সেই ধারাবাহিকতায় বর্তমান সময়ের আন্দোলনগুলোকে জাতির চলমান সংগ্রামের অংশ হিসেবে দেখা উচিত।
সবশেষে তিনি পুনর্ব্যক্ত করেন, গণতন্ত্র প্রতিষ্ঠা ও রাষ্ট্রগঠনের লড়াইয়ে জুলাই গণ-অভ্যুত্থানের কোনো বিকল্প নেই।







