যুক্তরাষ্ট্রের অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে পদচ্যুত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বিশেষ করে প্রয়াত যৌন অপরাধী জেফরি এপস্টিন সংক্রান্ত নথিপত্র প্রকাশ নিয়ে বন্ডির কাজের ওপর ক্রমবর্ধমান অসন্তোষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প নিজেই এই অপসারণের খবর নিশ্চিত করেন। বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।
ট্রাম্প জানিয়েছেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল টড ব্লেন্স আপাতত অস্থায়ীভাবে বিচার বিভাগ পরিচালনার দায়িত্ব পালন করবেন। টড ব্লেন্স এর আগে ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী হিসেবে কাজ করেছেন। বন্ডির ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত না জানালেও ট্রাম্প বলেছেন, তিনি শীঘ্রই বেসরকারি খাতে নতুন কোনো গুরুত্বপূর্ণ দায়িত্বে যোগ দেবেন।
রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ট্রাম্প মনে করছিলেন যে বন্ডি তার রাজনৈতিক প্রতিপক্ষ ও সমালোচকদের বিরুদ্ধে প্রত্যাশিত গতিতে আইনি ব্যবস্থা নিতে পারছেন না। এই ধীরগতির কারণে গত কয়েক মাস ধরেই বন্ডির ওপর ট্রাম্পের ক্ষোভ বাড়ছিল। হোয়াইট হাউসের ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, বুধবার এক বৈঠকেই ট্রাম্প তাকে সরানোর চূড়ান্ত পরিকল্পনা করেন।
পাম বন্ডি দায়িত্ব পালনকালে ট্রাম্পের নীতির কট্টর সমর্থক হিসেবে পরিচিত ছিলেন। তবে বিচার বিভাগের প্রচলিত স্বাধীনতার ধারা লঙ্ঘন করে ট্রাম্পের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের চেষ্টার অভিযোগও ছিল তার বিরুদ্ধে। তাকে প্রতিস্থাপনের জন্য পরিবেশ সুরক্ষা সংস্থার প্রধান লি জেলডিনসহ আরও কয়েকজনের নাম বর্তমানে আলোচনায় রয়েছে। এই আকস্মিক পরিবর্তনে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগে নতুন করে অস্থিরতার আভাস পাওয়া যাচ্ছে।







