মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে এখন পর্যন্ত ছয়জন বাংলাদেশি নিহত হয়েছেন বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। নিহতদের মধ্যে তিনজনের মরদেহ ইতোমধ্যে দেশে আনা হয়েছে।
শুক্রবার (৩ এপ্রিল) সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাহরাইন থেকে আসা বাংলাদেশি কর্মী এস. এম. তারেকের মরদেহ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
এ সময় প্রবাসীদের আশ্বস্ত করে প্রতিমন্ত্রী বলেন, যুদ্ধ পরিস্থিতির কারণে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে যেতে গিয়ে যেসব বাংলাদেশি ভিসা-সংক্রান্ত জটিলতায় পড়ছেন, তাদের ভিসার মেয়াদ বাড়াতে সরকার কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও জানান, সংঘাতপূর্ণ পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
এদিকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী নিহতদের পরিবারের প্রতি সহানুভূতি জানিয়ে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন।
তিনি বলেন, নিয়ম অনুযায়ী দাফন-কাফনের জন্য ৩৫ হাজার টাকা প্রদান করা হচ্ছে। এছাড়া অতিরিক্ত ৫০ হাজার টাকার চেক দেওয়া হয়েছে। পরবর্তীতে বীমা সুবিধা অনুযায়ী নিহতদের পরিবারকে ১০ লাখ টাকা প্রদান করা হবে।
