ফরিদপুরে ফুটবল টুর্নামেন্টের মাইকিং করাকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনার জেরে ৮টি গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়েছে। শনিবার (৪ এপ্রিল) সকাল থেকে শুরু হওয়া এই রক্তক্ষয়ী সংঘর্ষে মুনসুরাবাদ, খাপুরা, মাঝিকান্দা এবং সিংগারিয়াসহ আশপাশের গ্রামের বাসিন্দারা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘাতে জড়িয়ে পড়ে। টানা তিন ঘণ্টার এই সংঘর্ষে উভয়পক্ষের অন্তত দুই শতাধিক ব্যক্তি আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।
ঘটনার সূত্রপাত হয় গতকাল শুক্রবার বিকেলে। চার গ্রামের একটি ফুটবল টুর্নামেন্টের প্রচারণার জন্য মাইকিং করার সময় মুনসুরাবাদ গ্রামের রাহাত ও তারেকের সাথে খাপুরা গ্রামের জাহিদ ও আজিমের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এই ঘটনার জেরে সন্ধ্যায় মুনসুরাবাদ বাজারের সেক্রেটারি জিন্নাত মাতুব্বরকে খাপুরা গ্রামের একদল যুবক মারধর করলে উত্তেজনা চরম আকার ধারণ করে।
পুরানো সেই রেষ ধরে আজ সকাল থেকেই গ্রামবাসী লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর ঝাঁপিয়ে পড়ে। সংঘর্ষ চলাকালীন মুনসুরাবাদ বাজারের বেশ কয়েকটি দোকানপাটে ভাঙচুর ও লুটতরাজ চালানো হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। সংঘর্ষের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও উত্তেজিত জনতাকে নিয়ন্ত্রণে আনতে তাদের বেশ বেগ পেতে হচ্ছে।
পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশের বেশ কয়েকজন সদস্যও ইটের আঘাতে আহত হয়েছেন। বর্তমানে এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে এবং পুনরায় সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরা পরিস্থিতি শান্ত করার চেষ্টা চালাচ্ছেন, তবে আহতের সংখ্যা বাড়তে থাকায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।







