গণভোটের রায় বাস্তবায়ন এবং পরবর্তী আন্দোলন কর্মসূচি নির্ধারণে শীর্ষ পর্যায়ের বৈঠক ডেকেছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য।
আগামী মঙ্গলবার সকাল ১০টায় রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে এই বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠক শেষে দুপুর ১২টায় একই স্থানে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
১১ দলীয় ঐক্যের সমন্বয়ক এবং জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এএইচএম হামিদুর রহমান আযাদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত ২ এপ্রিল অনুষ্ঠিত বৈঠকে গণভোটের রায় বাস্তবায়ন এবং দ্রুত সংবিধান সংস্কার পরিষদ গঠনের দাবি জানানো হয়। পাশাপাশি দাবি আদায় না হলে রাজপথে আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেওয়া হয়েছিল।
সিদ্ধান্ত অনুযায়ী, গত শনিবার বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়। এছাড়া গণসংযোগ, লিফলেট বিতরণ এবং জনমত তৈরির কর্মসূচিও হাতে নেওয়া হয়েছে।
আগামী বৈঠকে আন্দোলনের রূপরেখা চূড়ান্ত করা এবং নতুন কর্মসূচি ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।







