ডেডলাইনের শেষ মুহূর্তে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে দুই সপ্তাহের জন্য হামলা স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন। এর ঘণ্টাখানেক পর ইরানও সেই যুদ্ধবিরতি মেনে নেওয়ার বার্তা দেয়। মূলত পাকিস্তানের মধ্যস্থতায় আগামী শুক্রবার ইসলামাবাদে প্রস্তাবিত শান্তি আলোচনাকে সামনে রেখেই এই কূটনৈতিক পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এই যুদ্ধবিরতির ঘোষণার পরও ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা কমেনি।
ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১২ বুধবার ভোরে জানিয়েছে, যুদ্ধবিরতির সিদ্ধান্ত কার্যকর হওয়ার পরও ইসরায়েল নতুন করে ইরানে হামলা চালিয়েছে। ইসরায়েলের দাবি, যুদ্ধবিরতির ঘোষণার পরেও ইরান তাদের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রেখেছিল। এর প্রতিক্রিয়ায় ইরানের অভ্যন্তরে থাকা ক্ষেপণাস্ত্র নিক্ষেপ স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে তেল আবিবীব।
এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের দেওয়া ১০ দফা প্রস্তাবকে ওয়াশিংটন আলোচনার জন্য একটি কার্যকর ভিত্তি হিসেবে মনে করছে। সেই প্রেক্ষিতেই দুই সপ্তাহের জন্য সামরিক অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। আগামী শুক্রবার থেকে ইসলামাবাদে দুই সপ্তাহব্যাপী যে সংলাপ শুরু হওয়ার কথা, ইসরায়েলের এই নতুন হামলা সেই শান্তি প্রক্রিয়াকে সংকটের মুখে ফেলে দিয়েছে।
ইসরায়েলের এই আকস্মিক হামলা আন্তর্জাতিক মহলে নতুন করে দুশ্চিন্তার জন্ম দিয়েছে। একদিকে যখন যুক্তরাষ্ট্র ও ইরান আলোচনার টেবিলে বসার প্রস্তুতি নিচ্ছে, অন্যদিকে রণক্ষেত্রে পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকায় এই যুদ্ধবিরতি কতক্ষণ স্থায়ী হবে তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। বর্তমানে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি চরম অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে।







