বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)-এর নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে দলীয় লোকদের সমন্বয়ে এডহক কমিটি গঠনের ঘটনায় গভীর উদ্বেগ, নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
মঙ্গলবার (৮ এপ্রিল) এক বিবৃতিতে তিনি বলেন, বিসিবির নির্বাচিত কমিটি ভেঙে দিয়ে নিয়মবহির্ভূতভাবে এডহক কমিটি গঠন ক্রীড়া সংস্থার অভ্যন্তরীণ কার্যক্রমে সরাসরি হস্তক্ষেপের শামিল। তার মতে, এ ধরনের পদক্ষেপ গণতান্ত্রিক চর্চা, মূল্যবোধ এবং আইনের শাসনের পরিপন্থী।
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, একটি সংসদীয় গণতান্ত্রিক দেশে নির্বাচিত কমিটি ভেঙে প্রশাসনিক বা দলীয় প্রভাব খাটিয়ে এডহক কমিটি গঠন কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। এতে দেশের ক্রীড়াঙ্গনে সুশাসনের পরিবেশ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
এহসানুল মাহবুব জুবায়ের বলেন, এ ধরনের সিদ্ধান্ত শুধু অভ্যন্তরীণ ব্যবস্থাপনাকেই প্রশ্নবিদ্ধ করে না, বরং আন্তর্জাতিক অঙ্গনেও বাংলাদেশের ভাবমর্যাদা ক্ষুণ্ন করতে পারে। ক্রীড়া সংস্থাগুলোতে গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখা জরুরি বলেও তিনি উল্লেখ করেন।
তিনি অবিলম্বে এডহক কমিটি বাতিল করে নির্বাচিত কমিটির প্রতি সম্মান প্রদর্শন এবং ক্রীড়া প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।







