ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদির হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুল ও দাউদকে অস্ত্র আইনের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।
ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন বৃহস্পতিবার (৯ এপ্রিল) এ রায় ঘোষণা করেন। এর আগে মামলার যুক্তিতর্ক উপস্থাপন শেষে আদালত একই দিন রায়ের জন্য ধার্য করেছিলেন। পলাতক থাকায় ফয়সাল করিমের বিরুদ্ধে আগেই গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে।
মামলার নথি অনুযায়ী, ২০২৪ সালের ৭ নভেম্বর র্যাব-২ আদাবরের বায়তুল আমান হাউজিং সোসাইটির একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে ফয়সাল করিমকে আটক করে। এ সময় তল্লাশিতে চার রাউন্ড গুলিসহ একটি বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।
পরদিন আদাবর থানায় হাবিলদার মশিউর রহমান তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করেন। অভিযোগে বলা হয়, ফয়সাল করিম এলাকায় চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন এবং দীর্ঘদিন ধরে সংঘবদ্ধভাবে অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করছিলেন।
তদন্ত শেষে ২০২৫ সালের ২৮ মার্চ উপ-পরিদর্শক জাহিদ হাসান আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচার চলাকালে মোট ১৪ জন সাক্ষীর মধ্যে ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়।
এর আগে ফয়সাল করিম ২০২৪ সালের ১৭ নভেম্বর পর্যন্ত জামিনে ছিলেন। এরপর ওসমান হাদি হত্যার ঘটনার পর তিনি আত্মগোপনে চলে যান। পরে গত মাসে তাকে ভারতে গ্রেপ্তার করা হয়।







