ইরানের সঙ্গে যুদ্ধবিরতি ঘোষণার পর এক সংবাদ সম্মেলনে মার্কিন সামরিক বাহিনীর জেনারেল ড্যান কেইন যুদ্ধের কিছু চমকপ্রদ ও অপ্রাতিষ্ঠানিক পরিসংখ্যান তুলে ধরেছেন। ‘অপারেশন এপিক ফিউরি’ চলাকালীন সেনাদের জীবনযাত্রার চিত্র তুলে ধরতে গিয়ে তিনি জানান, ছয় সপ্তাহের এই অভিযানে সেনারা ৬০ লাখ বেলারও বেশি খাবার গ্রহণ করেছেন।
দীর্ঘ লড়াইয়ের ক্লান্তি দূর করতে মার্কিন সেনাদের বড় ভরসা ছিল ক্যাফেইন ও এনার্জি ড্রিংক। জেনারেল কেইনের দেওয়া তথ্যমতে, এই সময়ে সেনারা প্রায় ৯ লাখ ৫০ হাজার গ্যালন কফি এবং ২০ লাখ ক্যান এনার্জি ড্রিংক পান করেছেন। এছাড়া বিপুল পরিমাণ নিকোটিন ব্যবহারের তথ্যও তিনি হাস্যরসের সাথে উপস্থাপন করেন।
সেনাদের সাহসিকতার প্রশংসা করে জেনারেল কেইন বলেন, যুদ্ধক্ষেত্র ছিল প্রচণ্ড উত্তপ্ত এবং অনিশ্চয়তায় ভরা। এমন প্রতিকূল ও বিশৃঙ্খল পরিবেশেও মার্কিন সেনারা অজানার ভয় উপেক্ষা করে পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করেছেন। তাদের এই ত্যাগ ও মনোবলই জাতির প্রত্যাশা পূরণ করেছে বলে তিনি উল্লেখ করেন।
একই ব্রিফিংয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনের অবস্থান পরিষ্কার করে জানান, বর্তমান পরিস্থিতিতে তারা প্রাথমিক লক্ষ্য অর্জন করেছেন। তবে যুদ্ধবিরতি কার্যকর হলেও মার্কিন বাহিনী এই অঞ্চল থেকে এখনই পুরোপুরি সরে যাচ্ছে না। বরং পরিস্থিতির ওপর নজর রাখতে তারা নিকটবর্তী এলাকাগুলোতেই অবস্থান করবে।







