ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্ধারিত গুরুত্বপূর্ণ কূটনৈতিক সংলাপ স্থগিত ঘোষণা করেছে ইরান। শুক্রবার দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে। সরকারি সূত্রের বরাতে জানানো হয়েছে, ওয়াশিংটন যতদিন পর্যন্ত ইসরায়েল ও লেবাননের মধ্যে একটি কার্যকর যুদ্ধবিরতি নিশ্চিত করতে না পারবে, ততদিন এই সংলাপ প্রক্রিয়া বন্ধ থাকবে।
এদিকে, হরমুজ প্রণালি দিয়ে তেল পরিবহনের বিষয়ে ইরানের সাম্প্রতিক পদক্ষেপ নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি মন্তব্য করেন, হরমুজ প্রণালি দিয়ে তেল চলাচল নিশ্চিত করার ক্ষেত্রে ইরান খুবই নেতিবাচক ভূমিকা রাখছে, যা দ্বিপাক্ষিক চুক্তির পরিপন্থী।
প্রেসিডেন্ট ট্রাম্প আরও অভিযোগ করেছেন যে, হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী বিভিন্ন ট্যাংকার থেকে ইরান অনৈতিকভাবে ‘ফি’ আদায় করছে। ইরানকে সতর্ক করে তিনি বলেন, এ ধরনের কার্যক্রম অবিলম্বে বন্ধ করা উচিত। সংঘাত নিরসনের বদলে প্রণালিতে এ ধরনের কড়াকড়িকে তিনি ‘অসম্মানজনক’ হিসেবেও বর্ণনা করেন।
লেবানন ইস্যুতে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা এবং হরমুজ প্রণালিতে ইরানের ফি আদায়ের পাল্টাপাল্টি অভিযোগে এই কূটনৈতিক স্থবিরতা তৈরি হয়েছে। বিশ্লেষকরা মনে করছেন, দুই দেশের অনড় অবস্থানের কারণে মধ্যপ্রাচ্যে শান্তি ফেরানোর যে সম্ভাবনা তৈরি হয়েছিল, তা এখন বড় ধরনের ঝুঁকির মুখে পড়েছে।
