বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য যেসব অধ্যাদেশকে আইনে রূপ দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, বর্তমান সরকার তার অনেকগুলোই বাস্তবায়ন করেনি। তিনি বলেন, বাংলাদেশের রাজনীতিতে যারা প্রতিশ্রুতি ভঙ্গ করেছে, তাদের পরিণতি কখনোই ভালো হয়নি।
শনিবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের ত্রিবার্ষিক জাতীয় সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ছাত্র-শ্রমিক-জনতার রক্তের বিনিময়ে গঠিত এই সরকারকেও প্রতিশ্রুতি ভঙ্গের পরিণতি ভোগ করতে হতে পারে।
নাহিদ ইসলাম বলেন, নতুন জাতীয় ঐক্যের ভিত্তিতে তারা সামনে এগোচ্ছেন। জুলাই গণ-অভ্যুত্থানের সময় শ্রমিকদের কাছে দেওয়া প্রতিশ্রুতি ছিল বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা। তিনি জানান, রাজনীতি, অর্থনীতি ও সমাজের সব ক্ষেত্রে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং নতুন ব্যবস্থায় শ্রমিকদের ন্যায্য অংশ নিশ্চিত করা হবে।
ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, শুধু জাতীয় সংসদ নয়, রাজপথেও আন্দোলনের প্রস্তুতি নিতে হবে।







