বিনা পারিশ্রমিকে দুই হাজারের বেশি কিডনি প্রতিস্থাপন করে মানবসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন প্রখ্যাত চিকিৎসক অধ্যাপক ডা. কামরুল ইসলাম। তার এই অবদানের জন্য তিনি স্বাধীনতা পদকেও ভূষিত হয়েছেন। তবে এবার তিনি চাঁদাবাজ চক্রের টার্গেটে পড়েছেন—এ ঘটনায় দেশজুড়ে আলোচনা তৈরি হয়েছে।
এ প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান। শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি অপরাধীদের দৃশ্যমান শাস্তির দাবি জানান।
শফিকুর রহমান বলেন, অধ্যাপক ডা. কামরুল ইসলাম কেবল একজন বিশেষজ্ঞ চিকিৎসক নন, তিনি অসহায় মানুষের বন্ধু ও মানবিক চিকিৎসক হিসেবে সবার কাছে শ্রদ্ধেয়। দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী চাঁদাবাজ চক্র রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার কাছে চাঁদা দাবি করে আসছিল, কিন্তু তিনি সবসময় তা প্রত্যাখ্যান করেছেন।
তিনি অভিযোগ করেন, শেষ পর্যন্ত ওই চক্র এমন একজন সম্মানিত ও মানবিক চিকিৎসকের প্রতিও কোনো সম্মান প্রদর্শন করেনি এবং তার সঙ্গে অশোভন আচরণ করেছে।
জামায়াত আমির আরও বলেন, “এ ধরনের মানুষদের সামাজিক সেবা থেকে দূরে সরিয়ে দিচ্ছে কারা—তা স্পষ্ট। এই দুষ্টচক্রকে কঠোরভাবে দমন করা এখন সময়ের দাবি, জনতার দাবি। আমরা এর বাস্তব প্রতিফলন দেখতে চাই।”
পোস্টের শেষাংশে তিনি অধ্যাপক কামরুল ইসলামের জন্য দোয়া করেন এবং আল্লাহর কাছে তার মর্যাদা আরও বৃদ্ধির কামনা জানান। পাশাপাশি অপরাধীদের উপযুক্ত শাস্তির আহ্বান জানান।







