ইসলামাবাদে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কিছু ক্ষেত্রে অগ্রগতি হলেও শেষ পর্যন্ত দুই-তিনটি প্রধান বিষয়ে ভিন্নমতের কারণে কোনো চুক্তিতে পৌঁছানো যায়নি।
রোববার ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি-কে দেওয়া সাক্ষাৎকারে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই এ তথ্য জানান।
তিনি বলেন, “কিছু বিষয়ে উভয় পক্ষ একমত হলেও অন্য কিছু ইস্যুতে দৃষ্টিভঙ্গির বড় ধরনের পার্থক্য বা ‘গ্যাপ’ রয়ে গেছে।”
এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও উল্লেখ করেন, পারমাণবিক অস্ত্র পরিত্যাগে তেহরানের কাছ থেকে সুস্পষ্ট প্রতিশ্রুতি না পাওয়াই আলোচনার অন্যতম বড় বাধা।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমগুলো প্রথমে পরবর্তী ধাপের আলোচনা নিয়ে নেতিবাচক ইঙ্গিত দিলেও বাঘাই তুলনামূলক নমনীয় অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, “কূটনীতি কখনো শেষ হয় না। একটি বৈঠকেই সব সমস্যার সমাধান হয়ে যাবে—এমনটা আশা করা বাস্তবসম্মত নয়, এবং এমন প্রত্যাশা কারও ছিল বলেও মনে হয় না।”
এছাড়া তিনি জানান, ইরান মধ্যস্থতাকারী পাকিস্তানসহ অঞ্চলের অন্যান্য বন্ধুরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ অব্যাহত রাখবে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে পুনরায় আলোচনায় বসার বিষয়ে নির্দিষ্ট কোনো পরিকল্পনার কথা জানাননি।
সূত্র: আল-জাজিরা







