জামালপুরের বকশীগঞ্জে ৪০ পিস ইয়াবাসহ স্বেচ্ছাসেবক দলের এক স্থানীয় নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি-২)। গ্রেপ্তার হওয়া মো. নাজমুল হাসান মেরুরচর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক ছিলেন। মাদকের সঙ্গে সম্পৃক্ততার খবর ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।
শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে মাইছেনির চর এলাকায় অভিযান চালিয়ে নাজমুল হাসানকে হাতেনাতে আটক করে পুলিশ। গ্রেপ্তারের পর শনিবারই দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাঁকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়েছে। মেরুরচর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্ত জানানো হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের নেতারা জানিয়েছেন, মাদকের বিরুদ্ধে সংগঠনের কেন্দ্রীয় কমিটির কঠোর অবস্থান রয়েছে। নাজমুল হাসান মাদক কারবারে জড়িয়ে গঠনতন্ত্র লঙ্ঘন করায় তাঁকে প্রাথমিক সদস্যপদসহ সকল পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। ভবিষ্যতে তিনি দলের কোনো পরিচয় ব্যবহার করতে পারবেন না।
সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মাদক বা অন্য কোনো অনৈতিক কাজে সম্পৃক্ত থাকলে কাউকেই ছাড় দেওয়া হবে না। অভিযুক্ত নাজমুল হাসানকে ইতিমধ্যে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।







