ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোহাম্মদ আসাদুজ্জামান ফুয়াদ। তিনি জানান, দলের সিদ্ধান্ত অনুযায়ী তিনি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন।
শনিবার গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দলীয়ভাবে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও ঢাকা উত্তরের মেয়র পদে তার প্রার্থিতা নিয়ে প্রস্তুতি চলছে। তিনি জানান, নির্বাচনকে সামনে রেখে মাঠপর্যায়ের কাজ শুরু করেছেন।
ব্যারিস্টার ফুয়াদ বলেন, তিনি ইতোমধ্যে সিটি কর্পোরেশনের বিদ্যমান সমস্যা নিয়ে কাজ শুরু করেছেন এবং বিভিন্ন ইস্যু চিহ্নিত করছেন। তার মতে, আইনি সংস্কারসহ নগর ব্যবস্থাপনার একাধিক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, যেগুলো সমাধানের পরিকল্পনা করা হচ্ছে।
তিনি আরও বলেন, বিশেষ করে জলাবদ্ধতা, মশক নিধন এবং নগর ব্যবস্থাপনার দুর্বলতা তার মূল অগ্রাধিকারের মধ্যে থাকবে। এসব সমস্যা নিয়ে তিনি ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা শুরু করেছেন এবং ভবিষ্যতে আরও পরিকল্পিতভাবে বিষয়গুলো সামনে আনবেন।
আগামী দিনে একটি আধুনিক ও কার্যকর নগর ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করার কথা জানান তিনি।
প্রসঙ্গত, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৩ (মুলাদী ও বাবুগঞ্জ) আসনে এবি পার্টির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মোহাম্মদ আসাদুজ্জামান ফুয়াদ। ওই নির্বাচনে তিনি বিএনপির প্রার্থীর কাছে পরাজিত হন।







